কর্ণফুলীতে বিদেশি পিস্তল উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন রাস্তার পাশের ঝোপ থেকে ব্রাজিলে তৈরি একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র কি না, তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার (১০ জুলাই) রাতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিস্তলের সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি নাইন এমএম ক্যালিবারের আধা-স্বয়ংক্রিয় পিস্তল। প্রাথমিকভাবে এটি এথ্রি সিরিজের মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও এ ধরনের পিস্তল ব্যবহৃত হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। সব দিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।