ঢাকায় আসছেন আতিফ আসলাম, আগের টিকিটেই মিলবে সুযোগ

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও বাংলাদেশে কনসার্ট করতে আসছেন। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছর স্থগিত হওয়া কনসার্টটি এবার পূর্ণাঙ্গ আয়োজনের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন।

এর আগে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি ও শিল্পীর অংশগ্রহণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেও অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে তা স্থগিত করা হয়। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সৃষ্ট নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কনসার্ট স্থগিত হওয়ার পর আয়োজকরা জানিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি; উপযুক্ত সময়ে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও তার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে আশ্বস্ত করেছিলেন যে, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের টিকিট পুনর্নির্ধারিত আয়োজনের জন্য বৈধ থাকবে।

আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যান্য অনুমতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আগের টিকিটধারীদের জন্য নির্দেশনা

যারা আগের ‘মেইন স্টেজ শো’-এর টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তাদের mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘রি-অ্যাপ্লাই’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তারাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে একই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট পুনর্বহালের আবেদন করতে পারবেন। তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে সরবরাহ করা হবে।

নতুন টিকিট বিক্রি

নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে GetMyTicket.live-এর মাধ্যমে। টিকিটের মূল্য, ক্যাটাগরি, বিক্রির সময়সূচি এবং অন্যান্য তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

মেইন স্টেজ ইনকর্পোরেশনের পরিচালক কাজী রাফসান বলেন, গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা অনুষ্ঠানটি ফিরিয়ে আনার জন্য কাজ করে গেছেন। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, “২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।”

তিনি আরও বলেন, “এটি শুধু একটি কনসার্ট নয়, বরং দর্শকদের দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট প্রদান করা হবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।