জবিতে হেলমেট পরে পরীক্ষার হলে শিক্ষার্থীরা, জানা গেল কারণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতার প্রতিবাদ ও সচেতনতার অংশ হিসেবে শিক্ষার্থীরা হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিভাগে অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের হেলমেট পরে অংশ নিতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, এটি একদিকে সতর্কতামূলক পদক্ষেপ, অন্যদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের একটি প্রতীকী প্রতিবাদ।

 

যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
হেলমেট পরে আসা শিক্ষার্থী নাঈম খোন্দকার বলেন, ‘কখন কার মাথায় পলেস্তারা পড়বে, তা বলা যায় না। তাই বাধ্য হয়েই হেলমেট ব্যবহার করেছি।

আরেক শিক্ষার্থী নয়ন ইসলাম বলেন, ‘আমার দুই সহপাঠী আহত হওয়ার পরও প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। ঝুঁকিপূর্ণ ক্লাসরুমে বসে পরীক্ষা দিতে ভয় লাগছে, তাই হেলমেট পরে আসছি।’

ভবন সংস্কারের দাবি জানিয়ে বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা রিমি বলেন, ‘প্রতি বছর কোটি কোটি টাকার বাজেট আসে, কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। আমরা প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাস করি।

জরাজীর্ণ ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি।’
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর নেতারা প্রশাসনের সমালোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জকসুর এজিএস মাসুদ রানা বলেন, ‘ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনগুলো দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করতে হবে।’

এর আগে বুধবার (১ এপ্রিল) ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনার পরপরই নিরাপত্তা ও ভবন মেরামতের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন গণিত বিভাগের শিক্ষার্থীর।