আজ কি হাত মেলাবে পাকিস্তান ও ভারত?

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ কলম্বোয় মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচটি নিয়ে ক্রিকেট দুনিয়ায় এবারই প্রথম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ম্যাচ হবে কি হবে না তা নিয়ে নিশ্চয়তা ছিল না। বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কারণে পাকিস্তান সরে গিয়েছিল তাদের দাবী।

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে টানাপোড়েন হয়েছে। পাকিস্তান খেলবে না ভারতের বিপক্ষে, এই ঘোষণা দিয়ে তাদের অবস্থানে অটল ছিল পাকিস্তান। আইসিসি দেখল টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ যদি না হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খাবে। বিরাট ক্ষতি হয়ে যাবে। আইসিসিকে রীতিমতো টেনশনে ফেলে দিয়েছিল। আইসিসির ঘুম হারাম করে দেয়া পাকিস্তান যখন হাসছে, তখন আইসিসি কর্তারা সমাধানের উপায় খুঁজছে।

শেষ পর্যন্ত পাকিস্তানের নানা শর্ত পূরণ করার শর্তে আইসিসির কর্তাদের মুখে হাসি ফোটে। লাহোরে বৈঠক বসে ছিল, জরুরি বৈঠকে ছিলেন পিসিবির নাকভি, বিসিবির সভাপতি বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমলান খাজা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরফ গলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্দেশ দেন খেলতে হবে। আর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সভা থেকে বেরিয়ে জানিয়েছেন তিনি নাকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন।

এই কথা বলার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক সংবাদমাধ্যম ঘোষণা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহেবাজ শরীফ জানিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। একটা স্বস্তি আসে উপমহাদেশে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে।

উপমহাদেশের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে অন্য কোন তুলনা হয় না। যুগ আগেও এই দুই দেশের বাইশ গজের লড়াই ক্রিকেট দুনিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। রোমাঞ্চ ছড়িয়েছে। ইমরান খান, কপিলদেব, দিলীপ ভেঙ্গসরকারদের সময়টা পেরিয়ে ওয়াসিম আকরাম, শহিদ আফ্রিদি, ইনজামাম, অনিল কুম্বলে, শচীন, রাহুল দ্রাবিড়, সৌরভদের সময়েও উত্তাল ছিল।

এখন দুই দেশের ক্রিকেটের তালিকায় ইমরান খান, কিংবা শচীনদের মতো ক্রিকেটার না থাকলেও পাক-ভারত লড়াই উত্তেজনা এতটুকু কমেনি। মূলত রাজনীতি আর ধর্ম, এই দুটির কারনেই দুই দেশের ক্রিকেটের মধ্যে যুদ্ধযুদ্ধ ভাব। মাঠের বাইরে সবই ঠিকঠাক। সবার সঙ্গে সবার মিল, নিজেরা যখন বিদেশের মাঠে যান তখন তারাও এক টেবিলে বসেন। যুদ্ধযুদ্ধ ভাব থাকে না।

তবে এটাও ঠিক সাম্প্রতিক সময়ে পাকিস্তান-ভারত ক্রিকেট মাঠে খেলোয়াড়রা হাত মেলান না। এ ধরনের সংস্কৃতি পছন্দ করেন না ক্রিকেট অনুরাগীরা। রাজনীতি কিংবা ধর্ম-যেটাই হোক। মাঠে সেসব টেনে আনাটা পছন্দ নয় দর্শকের।

আশংকা আছে আজ কলম্বোয় বৃষ্টি হতে পারে। কলম্বোর আবহাওয়া দফতর আগেই এটি জানিয়েছিল। ৫ ওভারের ম্যাচ হলেও তার খেলা শেষ করতে হবে। খেলাটা অন্তত কোনও ভাবে ৫ ওভার করেও খেলা সম্ভব না হলে ম্যাচ বাতিল হিসাবে ধরা হবে। সে ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান দু’দলই ১ পয়েন্ট করে পাবে। তাতে উভয় দলের পয়েন্ট হবে ৩ ম্যাচে ৫। দু’দলই সুপার এইটে চলে যাবে। কারণ গ্রুপের বাকি তিন দল নামিবিয়া, যুক্তরাষ্ট্র, এবং নেদারল্যান্ডসের পক্ষে ৫ পয়েন্টে পৌঁছানো সম্ভব নয়। ৫ ওভারের ম্যাচ হলেও তার মধ্যে খেলা শেষ করতে হবে।

আজকের ম্যাচে দুদলের সম্ভাব্য একাদশ

পাকিস্তান: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রিঙ্কু সিং।