দুর্নীতিতে জড়িয়ে ৫ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

দুর্নীতিতে জড়িয়েছেন, এমন অভিযোগে আফগানিস্তানের ব্যাটারইহসানউল্লাহ জানাতকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে বাইরে থাকতে হবে তাকে। আজ বুধবার এমন সিদ্ধান্ত জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগান বোর্ড জানায়, কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করেছেন ইহসানউল্লাহ। নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তি কার্যকর হবে।

এক বিবৃতিতে এসিবি জানায়, ‘দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ্গ করেছে ইহসানউল্লাহ জানাত, যে ধারায় ম্যাচের ফলাফলে অবৈধ প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা আছে। ক্রিকেট–সংশ্লিষ্ট সকল কার্যক্রমে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার বিপক্ষে ওঠা অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানাত।’

আফগানিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২০টি ম্যাচ খেলেছেন ইহসানউল্লাহ জানাত। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। এখনো পর্যন্ত ১৬টি ওয়ানডে ম্যাচ খেলে ৩০৭ রান করেছেন তিনি। এছাড়া ৩টি টেস্ট ও ১ টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার। সবশেষ ২০২২ সালে আফগানিস্তানের হয়ে খেলেন তিনি।