কোটাবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য হত্যা মামলায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ সাত জনের ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন- দনিয়া ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. এরফান ওরফে রোকন, ছাত্রদলের সক্রিয় সদস্য মো. আবু বক্কর, রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া, মো. তারেক হোসেন ও ঢাকা কলেজের এইচএসসির (বিজ্ঞান বিভাগ) ছাত্র হাসনাতুল ইসলাম ফাইযার।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাত আনুমানিক ৯টায় গণভবনে সরকারি ডিউটি পালনের উদ্দেশ্যে ব্যক্তিগত মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন বাংলাদেশ পুলিশের নায়েক গিয়াস উদ্দিন (৫৮)। রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রিজের উত্তর পাশে আসা মাত্রই উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা আরও অনেকে গিয়াস উদ্দিনকে আটক করে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর আঘাতসহ রক্তাক্ত জখম করে। পরে রাস্তায় পড়ে গেলে আসামিরা লোহার রড, লাঠি দিয়ে গিয়াস উদ্দিনের নাক, কান, মুখমণ্ডল, গলা, হাত, বুক, পেট, ডান পায়ের হাটুর নিচেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তাকে রশি দিয়ে ফুটওভার ব্রিজের সঙ্গে বুলিয়ে রাখা হয়।