অসহায় অটোরিকশা চালকের মাটিরঘর ভেঙে দালান তৈরি প্রভাবশালী প্রতিবেশির!

চট্টগ্রামের রাউজানে অসহায় সিএনজি চালিত অটোরিকশা চালকের মাটির তৈরি বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে এ অভিযোগ করেন উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সিএনজি চালিত অটোরিকশা চালক মো. ওসমান।

তিনি বলেন, প্রতিবেশী আহমেদ উল্লাহর সঙ্গে আমার বসতভিটে সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধ নিরসনে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে উভয়ের বসতভিটার সীমনা নির্ধারণ করেন দেন।

অসহায় সিএনজি চালিত অটোরিকশা চালক ওসমানের মাটির তৈরি পুরনো বসতঘর থেকে এক ফুট দূরে আহমেদ উল্লাহকে ঘর নির্মাণের সিদ্ধান্ত দেয়া হয়। চেয়ারমানের সিদ্ধান্ত অমান্য করে আহমেদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা পুরনো মাটির বসতরের দেয়াল এবং টিনের ছাউনি ভেঙে দিয়ে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করছেন।

ওসমান আরও বলেন, আমি বাধা দিলে আমাকে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদান করছেন আহমেদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা।

থানায় দেওয়া কথা জানিয়েছেন অসহায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. ওসমান।

এদিকে অভিযুক্ত আহমেদ উল্লাহ বলেন, ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে পাকাঘর নির্মাণ করছি। ওসমানের অভিযোগ মিথ্যা।

এই ব্যাপারে রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, ওসমান ও আহমেদ উল্লাহার পরিবারের মধ্যে বসতভিটে নিয়ে বিরোধ নিরসনে আমি নিজেই উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সার্ভোয়ার দ্বারা পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দিয়েছি। আহমেদ উল্লাহর পরিবারকে বলেছিলাম ওসমানের বসতঘরের এক ফুট দুরে তাদের ঘর নির্মাণ করতে। সালিসি বৈঠকের সিদ্বান্ত অমান্য করে ওসমানের বসত ঘর ভেঙে আহমেদ উল্লাহ ঘর নির্মাণ করলে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, মাটির বসঘর ভেঙে দেওয়ার বিষয়ে কেউ অভিযোগ দিয়েছেন কিনা আমি জানিনা।

পরে রাউজান থানার ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করা হলে উপপরিদর্শক মুসলেম বলেন, মাটির বসতঘর ভেঙে দেওয়ার বিষয়ে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।