পেকুয়ায় লবণ তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই চাষীর

কক্সবাজারের পেকুয়ার মগনামা ও রাজাখালী ইউনিয়নে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে দুই লবণ চাষীর মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের পুত্র দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের পুত্র মো. আরফাত (১২)।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৩ টার দিকে বৃষ্টি শুরু হলে লবণ তুলতে মাঠে ছুটে যায় ওই দুই শ্রমিক। এসময় বজ্রপাতে গুরুতর আহত হলে আরাফাত নামের একজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দিদারুল ইসলাম নামে আরেকজন ঘটনাস্থলে মারা যান।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে লবণ মাঠে পলিথিন তোলা কাজ করতে যায় কোদাইল্যাদিয়া এলাকার দিদারুল ইসলাম। এ সময় বজ্রপাতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। স্থানীয় গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদে তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে নিহত আরাফাত তার বাবার সাথে তাদের লবণ মাঠে যায়। এসময় তিনি বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় জানান সঙ্গে থাকা লোকজন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, ভোর ৪টা ৫৫ মিনিটে রাজাখালী থেকে আরফাত (১২) নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিয়ে আসা লোকজন জানায় মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে শিকার হন তিনি।