ঈদগাঁওয়ে ৫ ইউনিয়নে ভোট গ্রহণ ২৮ এপ্রিল, মনোনয়নপত্র দাখিল ২৮ মার্চ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ২৮ মার্চ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৮ এপ্রিল রোববার ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

পোকখালী, ঈদগাঁও সদর ও জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও ঈদগাঁও এর উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আবু সুফিয়ান এবং ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রামু’র উপজেলা নির্বাচন অফিসার এস.এম মহীউদ্দিন পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের এই তফশিল ঘোষণা করেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ১১ বিধি অনুযায়ী রিটার্নিং অফিসারদ্বয় এই তফশিল ঘোষণা করেছেন। এর আগে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখিত কর্মকর্তাদ্বয়কে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেন।

তফশিল অনুযায়ী রিটার্নিং অফিসার এর কার্যালয়ে আগামী ১এপ্রিল সোমবার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই, ৮এপ্রিল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৯এপ্রিল মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনে প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান, ৩জন সংরক্ষিত মহিলা মেম্বার এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৯জন সাধারণ মেম্বারের পদ সহ প্রত্যেক ইউনিয়নে মোট ১৩টি পদে ভোট গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কোভিড-১৯ পরিস্থিতি এবং ইদগাঁওকে নতুন উপজেলা হিসাবে গঠন প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতার কারণে মেয়াদোত্তীর্ণের দীর্ঘ ৪ বছর পর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ যথাক্রমে পোকখালী, ঈদগাঁও সদর, জালালাবাদ, ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।