পরীক্ষা শেষে ঘরে ফেরা হয়নি ২০২৪ সালের চলমান এসএসসি পরীক্ষার্থী আরকানুল ইসলামের। এর সাথে মৃত্যু হল একজন সিএনজি ড্রাইভারের স্বপ্ন।
আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জীববিজ্ঞান পরীক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে ভিজিএফ চাল বোঝাই ট্রাকের ধাক্কায় প্রান হারায় আরকান।
বৃহস্পতিবার (৭মার্চ) দুর্ঘটনাটি ঘটেছে বাঁশখালীর গন্ডামারা ব্রীজের পুর্বপাশে। নিহত আরকানুল ইসলাম গন্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ মাতব্বর পাড়ার জাকের আলী (প্রকাশ জাকের ড্রাইভার) এর পুত্র। তিন ভাই তিন বোনের মধ্যে আরকান ৫ম সন্তান।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ভিজিএফ এর চাল বোঝাই ট্রাকটি ব্রীজে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারায়। এতে করে উচু ব্রীজ থেকে পিছন দিকে নেমে যায় ট্রাকটি। ট্রাকের পিছনে থাকা এসএসসি পরীক্ষার্থীবাহী সিএনজিতে সজোরে ধাক্কা লাগে। সিএনজি চালক ও দুই একজন ছাত্র লাফিয়ে বেঁচে গেলেও আরকান এর মাথার পিছনে মারাত্মকভাবে আঘাত পান। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরকানকে মৃত ঘোষনা করে।
গন্ডামারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুরুল হাকিম বলেন, আরকান অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র। সে ভাল ফলাফল করে স্কুল ও পরিবারের সুনাম বয়ে আনবে এমন প্রত্যাশা ছিল। আরকান এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।