সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র তানজিদ হোসেনকে বেদম প্রহার করায় ওই স্কুলের সহকারী শিক্ষক মাইনউদ্দীনকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বৃহস্পতিবার (২২ ফেব্রয়ারি) স্কুল কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ ঘটনায় শিক্ষার্থী তানজিদ হোসেনের পুরো শরীর লাল হয়ে গেছে। শুধু বেদম প্রহার নয়, ওই শিক্ষার্থীর মাথার চুলও কেটে দিয়েছে শিক্ষক মাইন উদ্দীন।
আজ শুক্রবার (২৩ ফেব্রয়ারি) সকালেশিক্ষার্থী তানজিদ হোসেনের পিতা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করে শিক্ষকের বিচার দাবি করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থী তানজিদ হোসেনের বাড়িতে যান, একই সাথে সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিযুক্ত সহকারী শিক্ষক মাইনউদ্দীনকে ডেকে পাঠান। ইউএনও প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে তাৎক্ষণিক শিক্ষক মাইনউদ্দীনকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেন। আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীকে ঔষধ পত্রের জন্য টাকা দেন।