পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘দিদি নং ওয়ান’। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি এই রিয়্যালিটি শো’র সঞ্চালনা করেন। এবার শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজির হচ্ছেন এই অনুষ্ঠানে!
তার সঙ্গে সেই শোয়ে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) শোয়ের শুটিং হবে বলে জানা গেছে।
উপস্থাপক ও অভিনেত্রী রচনা ব্যানার্জী সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে তাকে সেখানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সম্প্রচারকারী চ্যানেল সূত্রে জানা গেছে, মমতা সম্মতি দিয়েছিলেন। এরপরই শুটিংয়ের দিনক্ষণ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।
উল্লেখ্য, গেলো মাসে হঠাৎ মমতার কার্যালয়ে গিয়েছিলেন রচনা। প্রথমে সবাই ভেবেছিল, হয়ত মমতার রাজনৈতিক দল তৃণমূলে যোগ দেবেন অভিনেত্রী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দেন তিনি। বরং জানান, ‘দিদি নাম্বার ১’ নিয়েই কথা বলেছেন তারা; তাও দীর্ঘক্ষণ।
জি বাংলায় ২০১০ সালে শুরু হয়েছিল ‘দিদি নাম্বার ১’ অনুষ্ঠানটি। প্রথম সিজনে এর সঞ্চালক ছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় আসরে আসেন রচনা ব্যানার্জি। এরপর জুন মালিয়া ও দেবশ্রী রায়কেও এই ভূমিকায় পাওয়া গিয়েছিল। কিন্তু, অনেক সময় ধরে রচনাই চালিয়ে যাচ্ছেন হাসি-আড্ডা আর বিভিন্ন মজাদার খেলায় সাজানো অনুষ্ঠানটি।