চট্টগ্রামের সন্দ্বীপের চৌমুহনী বাজারে লাগা আগুনে বসতঘরসহ একটি দোকান ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ছাড়া প্রায় ৪/৫টি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
পুড়ে ছাঁই হওয়া দুটি ঘরের মধ্যে একটি ছিল তুলার গুদাম, অপরটি আবাসিক বাসা। গুদামে রাখা পণ্যের মালিকের নাম শাহ আলম ও ভাড়ায় থাকা মহিলার নাম রুমা বেগম। আগুন লাগার উৎস সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ক্ষতিগ্রস্তরা ক্ষতির পরিমাণ প্রায় বিশ লাখ টাকা হবে বলে দাবী করেন।
জানা গেছে, সোমবার বিকাল ৪ টার দিকে পুড়ে যাওয়া তুলার গুদামের কর্মচারী মনির আগুন দেখে চিৎকার দিলে অন্য ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে দুটো ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।