তুমব্রু সীমান্তে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে বিজিবির উদ্ধার করা অবিস্ফোরিত দু’টি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল।

রবিবার (১১ফেব্রুয়ারি) বেলা চারটার দিকে তুমব্রু সড়কের ২০০ গজ অদূরে ব্রিজ ও সড়কের পাশে এই দু’টি মর্টার শেল নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয়দের বরাতে ও ৩৪, বিজিবি সূত্রে জানা গেছে, গেল দু’দিন আগে তুমব্রু সীমান্তে ৩৯ পিলার সংলগ্ন জমিতে ও তুমব্রু বিওপি সংলগ্ন ব্রিজের ওপর অক্ষত অবস্থায় অবিস্ফোরিত দু’টি আরপিজি প্রপেলেড গ্রেনেড উদ্ধার করা হয়। যা সাধারণ মানুষের চলাচল পথ বন্ধ করে সড়কের পাশে নিরাপদ স্থানে রাখেন তুমব্রু বিওপি। এদিন বেলা ৪ টারদিকে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল এসে তুমব্রু সড়কের ব্রিজ ও জমির পাশে উদ্ধারকৃত দু’টি মর্টার শেল নিষ্ক্রিয় করে।

ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দু’দিন আগে উদ্ধারকৃত আরপিজি প্রপেলেড গ্রেনেড দু’টি সেনাবাহিনীর বোমা বিস্ফোরকের দল এনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ঘুমধুম ইউপি’র চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তের পরিস্থিতি অবনতি হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু এখনও সীমান্তে বসবাসকারীদের মাঝে পুরোপুরি আতঙ্ক কাটেনি।