কনকচাঁপার ‘কাটাঘুড়ি ৩’ আসছে বইমেলায়

দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী কনকচাঁপা।  দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।  গানের পাশাপাশি এ শিল্পীর রয়েছে একাধিক প্রতিভা। তিনি কবিতা, প্রবন্ধও লেখেন।

২০১০ সালে প্রকাশ পাওয়া ‘স্থবির যাযাবর’ বইটির মধ্যদিয়ে লেখক হিসেবে এই শিল্পীর আত্মপ্রকাশ ঘটে।  এবার অমর একুশের বইমেলায় আসছে শিল্পীর আত্মজীবনী সিরিজ ‘কাটাঘুড়ি ৩’।  এটি প্রকাশ হবে অনন্যা প্রকাশনী থেকে।  বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

নন্দিত এই কণ্ঠশিল্পী বলেন, আসছে বইমেলায় আমার আত্মজীবনী সিরিজ ‘কাটাঘুড়ি ৩’ বইটি আসছে ইনশাআল্লাহ অনন্যা প্রকাশনী থেকে।  ইচ্ছে করলে সেখানে ‘কাটাঘুড়ি’ ও ‘কাটাঘুড়ি ২’ এবং আমার লেখা প্রথম বই ‘স্থবির যাযাবর’ ও পাওয়া যাবে অনন্যার স্টলে।

প্রসঙ্গত, তার লেখা ‘স্থবির যাযাবর’ বইটির পর বাজারে আসে ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ শিরোনামের আরও দুটি বই।  মাঝে বিরতি নিয়ে বইমেলায় কনকচাঁপা প্রকাশ করেন তার আত্মজীবনী সিরিজ ‘কাটাঘুড়ি’।  যেখানে ওঠে আসে বাবা-মায়ের সঙ্গে কাটানো শিল্পীর নানা স্মৃতি।  এর ধারাবাহিকতায় পরে প্রকাশ হয় ‘কাটাঘুড়ি ২’।

চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে তিনি সমান পারদর্শী কনকচাঁপা। চলচ্চিত্রের গানের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তাকে বলা হয় সিনেমার গানের রানী। অসামান্য গায়কীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হিসাবে তিনবার পুরস্কৃত হয়েছেন কনকচাঁপা।