সুমনের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তের আগুন

চট্টগ্রাম-১১

চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের নির্বাচনী ক্যাম্প আগুনে জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ী করা হচ্ছে নৌকা প্রার্থীর সমর্থকদের। তবে এ থানায় কোনো অভিযোগ করেননি স্বতন্ত্র এই প্রার্থী।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৪টায় দিকে ৩৯ নম্বর ওয়ার্ডের আবদুল মাবুদ সওদাগরের বাড়ির পাশে তৈরি করা ওই ক্যাম্পে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে হঠাৎ তারা দেখতে পান জিয়াউল হক সুমনের নির্বাচনী ক্যাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে ক্যাম্পের দক্ষিণ ও পূর্বপাশ পুড়ে গেছে। এ সময় পুড়েছে নির্বাচনী ক্যাম্পের ত্রিপল, পোস্টার ও ব্যানার। তবে ঘটনাস্থলের আশেপাশে কেউ না থাকায় কে বা কারা এ আগুন লাগিয়েছে তা জানেন না কেউই।

প্রত্যক্ষদর্শী ব্যারিস্টার সুলতাম আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর নেওয়াজ কাজল বলেন, ‘আমাদের অভিযোগ সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে নেই। তবে কার নির্দেশে কারা করেছে সেটি কার্যত স্পষ্ট। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের খুঁজে বের করবেন।’

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, ‘আমি এই এলাকার দুইবারের কাউন্সিলর। আমি সংঘাত-সহিংসতায় বিশ্বাস করি না, এর পক্ষেও নই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও এলাকার মানুষের ভালোবাসাকে পুঁজি করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যেখানেই যাচ্ছি নেতাকর্মীদের একটাই কথা বলি মার দিলে মার খেতে, মারামারি-অগ্নিসন্ত্রাস থেকে দূরে থাকতে।’

তিনি বলেন, ‘আমি আজকের এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশা করছি।’