ঢাকায় নির্মাণাধীন দশতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন দশতলা ভবন থেকে পড়ে কাবিরুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী রুবেল জানান, বেলা ১১টার দিকে একটি ১০ তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার প্রথমে একটি স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।