জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের আসন্ন চলচ্চিত্র ‘হুব্বা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। সেই ট্রেলারে গ্যাংস্টার চরিত্রে রীতিমত বাজিমাৎ করেছেন ঢাকার ভার্সেটাইল এই অভিনেতা। ট্রেলার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দুই বাংলার মোশাররফ ভক্তরা।
জানা গেছে, আগামী বছর ১৯ জনুয়ারি ভারতে ‘হুব্বা’ সিনেমাটি মুক্তি পাবে। একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাচ্ছে এমনটা জানিয়েছে বাংলাদেশে পরিবেশনার কোম্পানি জাজ মাল্টিমিডিয়া।

জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ছবিটির ট্রেলার দেখে মনে হলো মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত। সে কারণে আমরা পরিবেশনার দায়িত্ব নিয়েছি।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষদিকে যার আধিপত্য ছিল হুগলিজুড়ে,তাকে বলা হতো ‘হুগলির দাউদ ইব্রাহিম’। খুন, মারামারি, মাদক পাচার ইত্যাদি বহু অপরাধে জড়িত ছিল হুব্বা। অসংখ্য মামলা ছিল তার নামে। সেসব কাটিয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিল হুব্বা। নানা নাটকীয়তায় ভরা তার জীবনের সমাপ্তি ঘটে ২০১১ সালে, বৈদ্যবাটির খালে পাওয়া যায় তার মরদেহ। সেই চরিত্রটাই পর্দায় ফুটিয়ে তুলেছেন মোশাররফ করিম।
ব্রাত্য বসু নির্মিত ‘হুব্ব’ সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন মোশাররফ। এর আগে একই নির্মাতার ‘ডিকশনারি’তে অভিনয় করেছিলেন তিনি।