রাজধানীর সায়েদাবাদে বাসচাপায় মো. শান্ত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঘটে এ দুর্ঘটনা। শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া মো. সুমন মিয়া বলেন, নিহত শান্ত হানিফ বাসের সহকারী। তিনি সায়েদাবাদ বাস টার্মিনালে হানিফ বাসের মেরামতের কাজ করার সময় সেন্টমার্টিন নামে একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।