নেত্রীর পায়ে ধরে আপনাদের বরাদ্দ নিয়ে আসব : স্বতন্ত্র প্রার্থী সুমন

চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র সদস্য প্রার্থী জিয়াউল হক সুমন বলেছেন, আমি নির্বাচিত হলে নেত্রীর হাতে-পায়ে ধরে হলেও এলাকার জন্য বরাদ্দ নিয়ে আসব। এলাকাজুড়ে কোথায় কি সমস্যা তার সবটুকু আমার নখদর্পণে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুমন বলেন, আমি নেতা নয়, আমি কর্মী। তাই ৭ তারিখ জয়ের পর আমি আগামী ৫ বছর আপনাদের পাহারা দিয়ে রাখবো কথা দিলাম। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে, আমি সদা আপনাদের পাশে থাকবো ভাই, সন্তান, বন্ধু হয়ে। সবার প্রতি আমার অনুরোধ, কোনো সংঘাতে জড়াবেন না আপনারা।

অনুষ্ঠানে বেগমজান স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি হাজী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, প্যানেল মেয়র আফরোজা কালাম, ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম উদ্দিন, কাউন্সিলর মোর্শেদ আলী, মুক্তিযোদ্ধা সিরাজুল আলম মানিক, মিসেস মনোয়ারা বেগম, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলম, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ এম হাসান মুরাদ, প্রাক্তন শিক্ষার্থী হাজী ফয়সাল, কামাল উদ্দিন মেম্বার, হাজী হাসান মুন্নাসহ আরও অনেকে।