নির্বাচনী প্রচারণায় গাড়িবহরে হামলা, মামলার করবেন হুইপ সামশুল

চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত ৭টি গাড়ির চাকা কেটে ফেলার পাশাপাশি ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা শিয়ারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হুইপের দাবি— চট্টগ্রাম-১২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বেই এ হামলা ঘটেছে। এসময় তার গাড়ি বহরেও ভাঙচুর চালানো হয়।

তবে, হামলার ঘটনা অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। তিনি দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল ইসলাম চৌধুরী পরিকল্পিতভাবে তার লোকজনকে দিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে।

জানা গেছে, বিভিন্ন জায়গায় প্রচারণা শেষে বিকেল চারটার দিকে সামশুল হক নেতা-কর্মীদের নিয়ে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা শিয়ারপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা নুরুল হুদার বাড়িতে ভাত খেতে ঢোকেন। এ সময় বাইরে রাখা গাড়িগুলোর চাকা কেটে ফেলাসহ ভাঙচুর করা হয়।

হুইপ সামশুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, মোতাহেরুল ইসলাম চৌধুরীর নাম ধরে স্লোগান দিয়ে কার্যালয় ও গাড়ি ভাঙচুর করা হয়। আমার ব্যবহার করা দুটি গাড়ির মধ্যে একটি গাড়ির চাকা কেটে দেওয়া হয়। আরও অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে এই হামলা করা হয়। এতে আহত হয়েছেন ৮ জন। হামলায় প্রতিপক্ষ প্রার্থীর সঙ্গে থাকা কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও সন্ত্রাসীরা অংশ নেন। এই ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, স্বতন্ত্র প্রার্থী ওই এলাকায় গণসংযোগে গেলে কিছু লোকজন বাঁধা দিয়েছেন বলে তিনি আমাদের অভিযোগ করেছেন। কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।