ভোট দিয়ে বাড়িতে গিয়েও নিরাপদে থাকতে পারবেন: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হবে। আপনি আপনার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসুন। নিরাপদে কেন্দ্রে আসুন। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। বাড়িতে গিয়েও আপনি নিরাপদে থাকতে পারবেন।’ রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি আলমগীর বলেন, ‘আমার এখানে আসার উদ্দেশ্য হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেবেন যেন সকল ভোটার উৎসাহ এবং আনন্দের সঙ্গে ভোট দিতে পারে।’

উপস্থিত এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা শুধু গাজীপুরের ক্ষেত্রে নয়, সারা দেশের ক্ষেত্রেই। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের বলা হয়েছে এবং তারা যথেষ্টভাবে কাজ করছে। কোথাও কোনও নাশকতা আছে কিনা। তা ছাড়া আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে আমরা জানি যে কোথায় কোথায় নাশকতামূলক উদ্যোগ নেওয়ার আগেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধরে ফেলেছে। তারা ভিজিলেন্স বাড়িয়েছেন এ ধরনের নাশকতা কাজ যদি কেউ করার চেষ্টা করে তাহলে ধরা পড়ে যাবে। এখন প্রযুক্তির যুগ। কেউ যদি নাশকতা করে মনে করে আমি ধরা পড়বো না, বেঁচে যেতে পারবো; সেটা কিন্তু সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘গুজব ছড়াবেন না, গুরুত্বও দেবেন না। যদি কিছু থাকে আপনাদের কাছে তাহলে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। তারা তাদের (গুজব রটনাকারী) বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’