রাজধানীতে আইফোন চোর চক্রের সাতজন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই আইফোন কেনাবেচার সাথে জড়িত একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ প্রধান জানান, চক্রটি আইফোন চুরি করে খুচরা যন্ত্রাংশ বিক্রি করতো। পুলিশের চোখ ফাঁকি দিতে আইফোনগুলোর যন্ত্রাংশ পাল্টে ফেলে সেটি বিক্রি করতো।

বেশ ক’দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের রিসিপশন থেকে একটি ব্যাগে থাকা টাকা ও আইফোন চুরি করে একটি চক্র। ভুক্তভোগীর সাধারণ ডায়েরীর তদন্ত করতে গিয়ে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের উত্তরা বিভাগ। পরে পরিবাগ ও হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে ৪৬টি আইফোন ও ল্যাপটপ, ২১টি আইফোন বডিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ বলেন, বেশ কয়েকটি মার্কেটে এসব ফোন বিক্রি হয়। আমাদের কাছে অনেক তথ্য এসেছে। তদন্ত চলছে।

ডিবি পুলিশ জানায়, আইফোন হারিয়ে গেলে বা চুরির পর সেটি বন্ধ থাকলেও সাধারণত ফোনের মালিক তার লোকেশন জানতে পারেন। তবে, চুরি করা আইফোনগুলোর লোকেশন যাতে কেউ জানতে না পারে সেজন্য চক্রটি ফয়েল পেপারে তা মুড়িয়ে রাখতো। এরপর চোরাই ফোনগুলোর সব তথ্য মুছে দিয়ে বিক্রি করতো তারা। ডিবি পুলিশ জানায় আইফোন অত্যাধুনিক বলে এটি চুরির প্রবণতা বেড়েছে। এছাড়া চোরাই ফোন বিক্রি অনেক লাভজনক হওয়ায় চক্রটি শুধু আইফোন চুরি ও ক্রয়-বিক্রয় করে।