ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নির্বাচনের প্রচার শুরুর পর থেকে ভোটের আগে পর্যন্ত যে কোনো দলের সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিতে বলেছে নির্বাচন কমিশন। যা গণতান্ত্রিক পদ্ধতিতে অতি সাধারণ বিষয়। এখন একটা বিশেষ সময় চলছে, একটা নির্বাচন হতে যাচ্ছে। প্রত্যেকটি দল যার যার প্রার্থী নিয়ে তাদের প্রচার-প্রচারণা করবে, সেই সময় এই দল সেই দল মুখোমুখি হতেই পারে যাতায়াতের পথে। সেখানে যদি আবার আরেকটা নতুন দল নির্বাচন ছাড়া অন্য কথা বলে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা বলেছে ব্যাঘাত হতেই পারে। ইসির এই নির্দেশনা সংবিধান পরিপন্থি বলে মনে করছেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা যখন একটি নির্দেশনা দিয়েছেন, তারা সংবিধান দেখেই দিয়েছেন। এখানে সংবিধান লঙ্ঘন হওয়ার কিছু নেই, এখানে তো নির্বাচন কীভাবে হবে সেটা ইসি জানেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পনিস্থিতির অবনতি হতে পারে কি? এ বিষয়ে মন্ত্রী বলেন, মোটেই অবনতি হবে না। অবনতির জন্য প্রচেষ্টা চলছে। জায়গায় জায়গায় বাস পুড়িয়ে দিচ্ছে, রেললাইন উঠিয়ে দিচ্ছে। সেখানে এগুলোকে স্বাভাবিক করার জন্য নির্বাচন কমিশনের বিবেচনায় যা সঠিক মনে করেছেন সেভাবেই তারা ঘোষণা দিয়েছেন। বিএনপি যাতে আগামী ১৮ ডিসেম্বরের পর সভা-সমাবেশ না করতে পারে সেজন্য কি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে-এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, এটা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করবেন। নির্বাচন কমিশন তো স্পষ্টই বুঝতে পারছে, বিএনপি নির্বাচনে না এসে ধ্বংসের খেলায় নেমেছে। সেই জায়গাটি যাতে ধ্বংস করতে না পারে, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, জনগণ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে। সেই চেষ্টাই ইসি করছেন।