বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সেলিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। পদোন্নতি পাওয়া সেলিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল নওগাঁ জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি চাঁদপুর, বান্দরবান পার্বত্য জেলা ও বান্দরবান জেলা পরিষদে সহকারী বা সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সেলিম কক্সবাজার জেলার রামু উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও ভোলা জেলায় জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া মন্ত্রণালয় পর্যায়ে তিনি বিভিন্ন সময়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন সেলিম উদ্দিন।।