সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত ২০১৩ সালের রাজধানীর তেজগাঁও থানার নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিএনপির ১০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় প্রত্যেকের ৩ বছর কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামীরা হলেন- লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার হুসেন ‘বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নীরব ও আনোয়ারুজ্জামান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অপর পলাতক ৮ আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। যেদিন পলাতক আসামীরা আত্মসমর্পণ করবে অথবা ধরা পরবে সেদিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। জানা যায়, বাবুল নামে এক ট্যাক্সিচালক ২০১৩ সালের ২৬ মার্চ রাত ৮টার দিকে মহাখালী থেকে ৩ জন যাত্রী নিয়ে কারওয়ান বাজারে যাওয়ার পথে ওয়াসা ভবনের সামনে পৌঁছালে কয়েকজন তার গাড়ি থামিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ঐদিনই বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান ২০১৪ সালের ১৪ আগস্ট আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।