কোর্টনি কফিকে নিয়ে বঙ্গভবনে শাকিব

শাকিব খান অভিনীত নতুন সিনেমা “রাজকুমার”-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। ছবির নায়িকা মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছেন গত ৯ ডিসেম্বর। এরপর তাকে সঙ্গে নিয়ে শাকিব হাজির হয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সামনে।

পরিচালক হিমেল আশরাফ গণমাধ্যমকে জানিয়েছেন, শাকিব ও কফি দুইজনই রবিবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মবার্ষিকীতে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথি ছিলেন। সেখানেই দুইজন একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন।

ওইদিন রাত ১০টায় কোর্টনি কফির সঙ্গে ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাকিব লিখেছেন “রাজকুমার” আসছে।

২০২২ সালের ২৮ মার্চ নিউইয়র্কের কুইন্সের ফ্ল্যাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে “রাজকুমার” সিনেমার মহরত হয়। মহরতের কয়েক মাসের মধ্যেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শাকিব অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ায় “রাজকুমার”-এর শুটিং পিছিয়ে যায়। বর্তমানে “রাজকুমার” সিনেমা নির্মাণের দায়িত্ব নিয়েছেন শাকিবের হিট সিনেমা “প্রিয়তমার” পরিচালক ও প্রযোজক হিমেল আশরাফ এবং রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান। এই প্রযোজকের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া থেকে সিনেমাটি তৈরি করা হচ্ছে। প্রিয়তমা” সিনেমার সাফল্যের পর শাকিব খান, প্রযোজক আশরাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ “ত্রয়ী জুটি”র আখ্যা পেয়েছেন। এই ত্রয়ীর যৌথ প্রচেষ্টাতেই রাজকুমার মুক্তি পাবে আগামী ঈদ-উল-ফিতরে।