ঝুঁকিপূর্ণ’ দূষণের কবলে ঢাকার বায়ু

বায়ুমান নিয়ে ঢাকাতে নেই স্বস্তির খবর। দিন দিন ঢাকার বাতাস বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সোমবার (১১ ডিসেম্বর) বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। এদিন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৩২১, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। আর একিউআই স্কোর ২২৪ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি, কুয়েত।

তৃতীয় স্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো রয়েছে একিউআই স্কোর ২২২ নিয়ে, এরপর রয়েছে ২১৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের শহর লাহোর। আর পঞ্চম স্থানে ভারতের দিল্লি ২০৪ স্কোর নিয়ে এবং কলকতা রয়েছে ১৯৪ স্কোর নিয়ে ৬ষ্ঠ স্থানে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।