নির্বাচন বানচালে প্রোপাগান্ডা চালাচ্ছে একটি দল: পররাষ্ট্রমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি দল নানা রকম নিষেধাজ্ঞার প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আজ শুক্রবার সন্ধ্যায় সিলেটে মৎস্যজীবী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘জনগণ সমর্থন করে না বলেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। অতীতে ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচনে অংশ নিয়েও তারা জনগণের সমর্থন পায়নি। আর এ কারণেই ভয়ভীতি দেখিয়ে তারা নির্বাচন বানচাল করতে চায়। তবে যথাসময়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে নির্বাচন কমিশন।’ নির্বাচন কমিশনের পরামর্শে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের গণ রদবদলের ব্যাপারে তিনি বলেন, ‘এতে কি লাভ হবে তা নিশ্চিত না হলেও নির্বাচন কমিশন মনে করছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এটি সহায়ক হবে।’ বাংলাদেশের নির্বাচন এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলের তৎপরতার বিষয়ে জাতিসংঘকে পাঠানো চিঠি ব্যক্তিগত ধন্যবাদপত্র বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এই চিঠি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ করা উচিত হয়নি বলেও মনে করেন তিনি। পোশাক খাতে নিষেধাজ্ঞার আশঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু লোক আতঙ্কিত করার প্রচেষ্টা করে। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। কিছু বিপথগামী লোক আছে, তারা নির্বাচন চায় না। তারা ভোট পায় না।’ এসময় স্থানীয় আওয়ামী লীগ ও মৎসজীবী লীগের নেতারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।