নানা কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া সম্ভাব্য প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের শেষদিন ছিল আজ শনিবার। শেষদিনে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছেন ১৩০ জন। এ নিয়ে ৫ দিনে এ পর্যন্ত আবেদন জমা পড়েছে মোট ৫৬১টি। রোববার থেকে শুরু হবে আবেদনের শুনানি। কমিশনে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে শনিবার একযোগে আবেদন নেওয়া হয়। নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এর আগে শুক্রবার চতুর্থ দিনে আপিল করেন ৯৩ জন। শুক্রবার বিকাল পর্যন্ত ৪ দিনে ৪৩১টি আবেদন জমা পড়ে বলে জানায় নির্বাচন কমিশন। রোববার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তির কাজ। ইসির সিদ্ধান্ত পক্ষে না গেলে, প্রার্থীদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এর আগে গত ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদন গ্রহণ শুরু হয়। কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যারা সঠিক নিয়মে আপিল করেছেন তাঁরা অবশ্যই ন্যায়বিচার পাবেন। যাচাই–বাছাই শেষে ২ হাজার ৭১২ জনের মধ্যে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। আর বৈধ ঘোষণা করা হয়েছিল ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র। তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি।