আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী এটা নিয়ে সরকার কাজ করছে। প্রথমে পেট্রোল ও অকটেন, পরবর্তীতে বাকি জ্বালানির দাম সমন্বয় হবে। এটার জন্য একটা পদ্ধতি তৈরি করছে মন্ত্রণালয়। দ্রুতই তা শেষ করা হবে।’ নসরুল হামিদ বলেন, ‘সমন্বয়ের ফলে মাসে মাসে দাম কমবে, আবার কখনো বাড়বে। বর্তমানে বিইআরসি জ্বালানির দাম ঠিক করে। কিন্তু বিশ্ববাজারের উঠানামায় দাম নির্ধারণ করতে কয়েক মাস দেরি হয়ে যায়। উন্নত বিশ্বে এটা অনেক আগেই চালু করা হয়েছে। অনেক দেশে প্রতিদিন জ্বালানির দাম উঠানামা করে।’ প্রতিমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে দেশের কয়েকটি জায়গায় পাইলটিং ভাবে এ পদ্ধতি চালু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে তা অনুসরণ করা হবে।