জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যাচ্ছে আরো সেনা, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। বুধবার জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ তথ্য জানানো হয়েছে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি গ্রাফিক্স পোস্ট করা হয়েছে, সেখানে রয়েছে বাংলাদেশের পতাকা। লেখা হয়েছে, ‘থ্যাংক ইউ বাংলাদেশ ফর সাপোর্টিং ইউএন পিসকিপিং’। সেনা ও পুলিশ সদস্যসহ শান্তিরক্ষা মিশনে কর্মী পাঠাতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, এদের মধ্যে রয়েছে, দুই পদাতিক ব্যাটেলিয়ন সেনা, একটি কুইক রিঅ্যাকশন ফোর্স, একটি বিমান পরিবহন ইউনিট। বাংলাদেশ আরো দেবে, ডিমাইনিং (ল্যান্ডমাইন অপসারণ) ও কাউন্টার-আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সেবা, যা সংঘাতপূর্ণ এলাকায় নিরাপদ পরিবেশ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দুটি বিশেষায়িত ও চারটি সংগঠিত জাতিসংঘ পুলিশের ইউনিট দেবে বাংলাদেশ। নদী টহলেও সহায়তা করবে। পাশাপাশি জাতিসংঘের নারী, শান্তি ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ডব্লিউপিএসআই) জনবল পাঠাবে বাংলাদেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যেসব দেশ সব থেকে বেশি সদস্য পাঠাচ্ছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে প্রথম সারিতে। গত তিন দশকেরও বেশি সময় ধরে শান্তিরক্ষা মিশনে সদস্য পাঠিয়ে আসছে বাংলাদেশ। গত জুনে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন।