রাজধানীর আফতাবনগরে একটি কুকুরকে হত্যার অভিযোগ উঠেছে। থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর কুকুরটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় পশু হাসপাতালে কুকুরের মরদেহ পাঠায় বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন গাজী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, কুকি নামের কুকুর হত্যা সন্দেহে বুধবার রোমানা আফরোজ নামের এক নারী থানায় জিডি করেন। তিনি কুকুরটির দেখাশোনা করতেন। জিডির পরিপ্রেক্ষিতে কুকুরটির মরদেহ কেন্দ্রীয় পশু হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বাড্ডা থানার ওসি। জিডিতে রোমানা অভিযোগ করেন, এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার কয়েক ঘণ্টা পর কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কুকুরটিকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তিনি। রোমানা উল্লেখ করেন, তিনি এলাকার ১০টি কুকুরের দেখাশোনা করেন, নিয়মিত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং খাওয়ানও। কিন্তু এলাকার কিছু নিরাপত্তারক্ষী কোনো কারণ ছাড়াই প্রায়ই কুকুরগুলোকে লাঠি দিয়ে মারেন। তিনি এর প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীরা কুকুরের ক্ষতি করা হবে বলে তাকে হুমকি দেন। বুধবার সকাল ৭টার দিকে রোমানা কুকুরগুলোকে খাওয়াতে গেলে তাদের মধ্যে একটিকে খুঁজে পাননি। তারা জানায়, কুকুরটি ট্রাকচাপায় মারা গেছে। খোঁজাখুঁজির পর, আমরা এলাকার এম ব্লকের পেছনে কুকুরের মরদেহ পাই। কুকুরটির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার গলায় বেল্টও ছিল না।