গাজীপুরে সড়কে গাছ ফেলে কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুরের কাপাসিয়ায় সড়কে গাছ ফেলে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুসিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, আগুন দেয়া গাড়িটিতে প্রাণ আরএফএল কোম্পানি মালামাল পরিবহন করা হয়। গাড়িটি গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় মালামাল সরবরাহ করে কাপাসিয়া হয়ে নরসিংদী যাচ্ছিল। এটি কাপাসিয়ার বড়পুসিয়া চৌরাস্তায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন মিলে গাড়িটিতে আগুন দেয়। এতে ওই কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। আগুনের খবরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানের চালক সুমন বলেন, তিনি প্রাণ আরএফএল এর কাভার্ড ভ্যানটি নিয়ে নরসিংদী যাচ্ছিলেন। বড়পুসিয়া চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে করে সাতজন লাঠিসোটা নিয়ে কাভার্ড ভ্যান অতিক্রম করে। এর পর সড়কের পাশ থেকে কাটা গাছের টুকরো ফেলে তার কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। তিনি কাভার্ডভ্যান পেছনে নেয়ার চেষ্টা করলে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে বোতলে ভরা পেট্রোল নিক্ষেপ করে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান মুঠোফোনে বলেন, এটি নাশকতা হতে পারে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।