আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত সমাবেশ করার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। ফলে ওই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এদিন আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করবো— এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি।’
তিনি বলেন, ‘বাইরে সমাবেশের নামে শোডাউন হওয়ার আশঙ্কা করছে নির্বাচন কমিশন। যে কারণে ১০ ডিসেম্বর আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করবো। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনি বিধির বাইরে আমরা যেতে চাই না।’
দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এদিন ঘরোয়া পরিবেশে দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে।