পিটার হাসকে হুমকি : আ.লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী এবং কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলমসহ আট জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে মামলাটির আবেদন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।

মামলার অন্য বিবাদীরা হলেন– বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহচান, ফরহাদ, নাছির ও সাইফুল।

মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফান উদ্দীন। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়ার অভিযোগে আট জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত ভুক্তভোগীর জবানবন্দি শুনেছেন। তবে এখনো আদেশ দেননি।