সময় শেষ, গণভবন খালি করার প্রস্তুতি নিন: ১২ দলীয় জোট

আওয়ামী লীগকে তফসিল ঘোষণার সুযোগ দিয়েছি বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেবো না। আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। জনগণ পাতানো নির্বাচন হতে দেবে না। এবার গণভবন খালি করার প্রস্তুতি নিন। সোমবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে ১২ দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এসব কথা বলে। ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, ‘আপনারা রাষ্ট্রের টাকায় গণভবনে বসে খাবেন আর রুশ-ভারতের কোলে ওঠার খায়েশ মেটাবেন। এবার জনগণ ক্ষমতার খায়েশও মিটিয়ে দেবে। মনে রাখবেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন– এটা দেশবাসী মেনে নেবে না। আপনাদের (আওয়ামী লীগ) সময় শেষ, এখন গণভবন খালি করার প্রস্তুতি নিন।’ সরকারকে হুঁশিয়ারি দিয়ে জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ‘বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। আপনারা হয়তো জানেন না, জনগণ একবার ধরলে গর্তে পালানোর সময়ও পাবেন না। তবে আমরা আওয়ামী লীগকে তফসিল ঘোষণার সুযোগ দিয়েছি বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেবো না।’ জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘এই সরকার একটি দুষ্কৃতকারী সরকার। এই সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ, অতীতেও সুষ্ঠু নির্বাচন হয়নি। সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের হাতে দেশের জনগণ কোনোভাবেই নিরাপদ নয়।’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আরও ছিলেন– বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন প্রমুখ।