হাটহাজারীতে নাশকতা মামলায় পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে হাটহাজারীতে ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭।

গ্রেপ্তারকৃতরা হলেন– হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস শুক্কুর (৫৬), চান্দগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ (৩৪) ও সীতাকুণ্ড থানার মধ্যম ইয়াকুব নগর এলাকার আবুল বাশারের ছেলে আলী আকবর (৩৮)।

র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অভিযান চালিয়ে হাটহাজারীতে ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার আসামি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এ শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। একইদিন সীতাকুণ্ড থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলার পলাতক আসামি আলী আকবরকে নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘ ৮ বছর যাবৎ নগরীর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিল।