সাতকানিয়ায় দুর্ধর্ষ শিবির ক্যাডার জামশেদ গ্রেফতার

সাতকানিয়ার দুর্ধর্ষ শিবির ক্যাডার জামশেদকে নলুয়া থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১ টার দিকে নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখ বাজার এলাকা থেকে জামশেদকে গ্রেফতার করা হয়। বিষয়টি স্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) সুদীপ্ত সরকার।

তিনি বলেন, সম্প্রতি সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। কিছু চিহ্নিত সন্ত্রাসী এসব করে বেড়াচ্ছে। তাই আমরা গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছি জেলা জুড়ে। আমাদের কাছে তথ্য আছে, সন্ত্রাসী জামশেদ সরকার বিরোধী জ্বালাও পোড়াওসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। সে শিবিরের রাজনীতি করলেও নলুয়ায় নানার বাড়িতে মামা মিন্টু কামালের ছত্রছায়ায় থাকেন। তার প্রকৃত বাড়ি কাঞ্চনা।

জামশেদকে গ্রেফতারের পর তার সাঙ্গপাঙ্গরা ককটেল জাতীয় দুটি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলেও জানিয়েছেন এডিশনাল এএসপি সুদীপ্ত সরকার।

প্রসঙ্গত: গত ১১ মার্চও জামশেদ সাতকানিয়া থানা পুলিশের হাতে ধরা পড়ে। গতকাল এডিশনাল এসপি সুদীপ্ত সরকারের নির্দেশনায় ডিবির অভিযানিক টিমের নেতৃত্ব দিয়েছেন ইন্সপেক্টর নুর আহম্মদ।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময় পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। বহিরাগত শিবির ক্যাডার জামশেদ, ফাহিমসহ গুটিকয়েক সন্ত্রাসী স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে পুরো এলাকাকে অশান্ত করে রেখেছে। মারধর ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে একাধিক। তাই প্রশাসন বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে বেশ তৎপর। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামশেদকে গ্রেফতার করা হয়।