চট্টগ্রাম ওয়াসার জায়গায় কর্মচারীদের বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করছে মন্ত্রণালয়ের তদন্ত টিম।
এরই অংশ হিসেবে বুধবার (২২ নভেম্বর) ওয়াসার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দেখা করেছে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. এমদাদুল হক চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম।
জানা গেছে, নগরের বলিরহাটে ওয়াসার পাম্পের পাশে সাতটি দোকান নির্মাণ করে ভাড়ায় দেন চট্টগ্রাম ওয়াসার কর্মচারীরা। এ ছাড়া মনসুরাবাদ পাম্পের পাশে ৫টি ও পলিটেকনিক মোড়ের পাশে ওয়াসা কলোনির সামনে ২ দুটি দোকান তৈরি করেছে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, আমরা তদন্ত করছি। অনেকের সঙ্গে কথা হয়েছে। অনেক নথিপত্রও হাতে পেয়েছি। আরও অনেক কাগজপত্র লাগবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই এখনই কোনো মন্তব্য করা যাবে না।