চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে আরও এক দালালকে আটক করা করেছে পুলিশ। পুলিশ বলছে, শাহাদাত হোসেন সিফাত নামে ১৮ বছর বয়সী ওই দালাল রোগীদের বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করতে ও নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করতেন।
বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
শাহাদাত নগরের পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিকের আবদুল হালিমের বাড়ির আব্দুল মাবুদ গফুরের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হাসপাতালের বহির্বিভাগ থেকে একজনকে আটক করা হয়েছে। তিনি হাসপাতালের রোগীদের বেসরকারি হাসপাতালে পরীক্ষা করতে এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা দালালির কার্যক্রমে জড়িত। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৮ নভেম্বর চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নারীসহ দুইজন দালালকে এবং গত ২০ নভেম্বর চমেক হাসপাতালের বহির্বিভাগ থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক নারী দালালকে আটক করা হয়। তারা হাসপাতালে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে এবং নিজেদের সিন্ডিকেটে থাকা বেসরকারী হাসপাতাল ও ফার্মেসি থেকে ওষুধ নিতে বাধ্য করে।