কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথমবার আগমন সালমান খানের

 

ডিসেম্বর মাসে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী মাসের ৫ থেকে ১২ তারিখ অবধি চলবে উৎসব। প্রতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে উৎসবটি আয়োজিত হয়। উদ্বোধনীতে মঞ্চ উজ্জ্বল করে থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান-সহ বিশিষ্ট তারকারা। তারকাদের মিলনমেলা ঘটে এই মঞ্চে। তবে এ বছর চলচ্চিত্র উৎসবে থাকছেন না অমিতাভ-শাহরুখেরা। এবার নব অতিথি হয়ে আসছেন সালমান খান, কমল হাসন ও সোনাক্ষী সিনহা।

সম্প্রতি মুম্বাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা করেন বিগ বি এবং তার পরিবারের সঙ্গে। ‘জলসা’র দরজায় দেখা যায় মমতার সঙ্গে পুরো বচ্চন পরিবারের ছবি। সেই সময় জানা গিয়েছিল, অমিতাভের সঙ্গে দেখা করে তাকে আসন্ন চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন অমিতাভ।

তবে সম্প্রতি জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না অভিনেতা ।

অন্যদিকে, শাহরুখ খান ব্যস্ত তার মেয়ে সুহানা খানের বলিউডের সিনেমায় অভিষেক নিয়ে। সে কারণে নাকি দেখা যাবে না ‘ তাকেও। তাই তাদের শূন্যস্থান পূরণ করতে আসছেন বলিউডের ভাইজান সালমান খান। তার সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে । এছাড়া চলতি বছরে কলকাতায় শো করতে এসে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখাও করে গিয়েছিলেন সালমান। এবার একেবারে অতিথি হয়ে আসবেন চলচ্চিত্র উৎসবে।

সূত্র : আনন্দবাজার