মিরসরাইয়ে চাঁদা না পেয়ে দিনদুপুরে ব্যবসায়ীর ওপর হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদা না পেয়ে দিনদুপুরে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীকে বাঁচাতে এসে হামলার শিকার হয়েছেন এক পথচারী।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌর সদর এলাকায় এই ঘটনা ঘটে। এতে হামলার শিকার ব্যবসায়ী সাইফুল ইসলাম মঙ্গলবার বিকালে দুই জনের নাম উল্লেখ করে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ব্যবসায়ী সাইফুলের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মিরসরাই বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে তার রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার বিকেলে ব্যক্তিগত কাজে মিরসরাই পৌর মার্কেটের সামনে গেলে সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আলাউদ্দিন (৪০) ও জুয়েল (৩০) গতিরোধ করে ১ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ব্যবসায়ী সাইফুলকে মারধর করে জোরপূর্বক মার্কেটের দোতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রতক্ষদর্শী রায়হান সোহেল নামে একজন এগিয়ে আসলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা।

আহত রায়হান সোহেল দৈনিক দেশ বর্তমানকে জানান, একজন লোককে দিন দুপুরে দুইজন লোক মারধর করছে দেখে তাদেরকে থামানোর চেষ্টা করি। কিন্তু তারা আমার ওপরও হামলা করে। তাদের হামলায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছি। তাদের কাজ কারবার দেখে মনে হলো দেশে সন্ত্রাসের রাজত্ব চলছে।

চাঁদা দাবি ও হামলার বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী সাইফুল বলেন, হামলাকারীরা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী। তারা মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি করে। এছাড়া মাদক সেবন ও মাদক বাণিজ্য করে। তারা হয়তো মাদক ক্রয় করার জন্য আমার কাছে টাকা চেয়েছে। টাকা না দেয়ায় আমার উপর হামলা করেছে। আমির তাদের বিচার চাই।

মিরসরাই থানা উপপরিদর্শক সালেহ জানান, ব্যবসায়ী সাইফুলের ওপর হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।