সন্দ্বীপে গাছের চাপায় বৃদ্ধের মৃত্যু

 

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে সৃষ্ট ঝড়ে ভেঙ্গে পড়া গাছ চাপা পড়ে আব্দুল ওহাব নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারের বাড়ির বাসিন্দা।

মগধরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওর্য়াডের সদস্য জাহেদ সারোয়ার শিমুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাড়ির দরজায় একটি গাছের ডাল ভেঙ্গে আব্দুল ওহাবের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ৭১ বছর বয়সী আব্দুল ওহাবের পরিবারে তার স্ত্রী ও এক ছেলে আছে।

ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি পরছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দূর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।