গাজীপুরের কালিয়াকৈরে ডাইং কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের দুই ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কালিয়াকৈরে চন্দ্রার খাড়াজোড়া সাফওয়ান ফয়েলস ও কোয়ালিটি ডাইং কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারণে জয়দেবপুর ও সাভারসহ আশেপাশের ইউনিট যুক্ত হন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সোয়া এগারটায় আগুনের সূত্রপাত ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রাণান্তর চেষ্টা চালিয়ে রাত ১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ আগুন নেভানোর জন্য কালিয়াকৈর, সাভার, মির্জাপুর ও ইপিজেড স্টেশনের মোট আটটি ইউনিট কাজ করেছে।