শুভেচ্ছা সফর শেষে ফিরে গেলো রাশিয়ান নৌজাহাজ

তিনদিনের শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে রাশিয়া নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ। মঙ্গলবার এডমিরাল ত্রিবুতস (ADMIRAL TRIBUTS), এডমিরাল প্যানতেলেইয়েভ (ADMIRAL PANTELEEV) ও জ্বালানীবাহী ট্যাংকার (PECHENGA) জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। রাশিয়ার জাহাজসমূহের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১২ নভেম্বর চট্টগ্রাম বন্দরে আসলে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন রাশিয়া জাহাজ তিনটির কমান্ডাররা। এছাড়া সফররত জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নৌ-বাহিনী যুদ্ধজাহাজ, নেভাল একাডেমি, নৌ-বাহিনীর যুদ্ধ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’ এবং নৌ-বাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল ঘুরে দেখেন। পাশাপাশি রাশিয়া নৌ-বাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জাহাজ তিনটি বাংলাদেশ ছাড়ার সময় বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌ-বাহিনীর সাথে যৌথ মহড়া (PASSEX) অনুষ্ঠিত হয়।