নির্বাচন ভবনে ঢুকতে অফিসিয়াল আইডি লাগবে

অফিসিয়াল আইডি (পরিচয়পত্র) ছাড়া নির্বাচন ভবনে ঢোকা যাবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (১৪ নভেম্বর) ইসি’র নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইসি সচিবালয়, সব প্রকল্প, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছ যে, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকা সত্বেও কোনো কোনো কর্মকর্তা/কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে, নিরাপত্তাকর্মীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আগামী ১৫ নভেম্বর (বুধবার) থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য এবং নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় অবশ্যই বুলিয়ে রাখার জন্য অনুরোধ করা হলো। যাদের অফিসিয়াল আইডি নেই, তাদের সংশ্লিষ্ট অধিশাখা থেকে নির্বাচন ভবনে প্রবেশের সাময়িক অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে।’ এতে আরও বলা হয়, সব অধিশাখার প্রধানকে, যাদের অফিসিয়াল আইডি নেই, তাদের তালিকা মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে অভ্যর্থনা কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।