কমতে শুরু করেছে তাপমাত্রা, ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
আগামী কয়েকদিনের মধ্যে দেশের তাপমাত্রা আরও কিছুটা কমে আসতে পারে
গ্রামাঞ্চলে শীতের আমেজ চলে এসেছে আরও আগেই। গত কয়েকদিন ধরেই শহরেও শীতের হালকা বাতাস বইতে শুরু করেছে। কমতে শুরু করেছে তাপমাত্রাও। আগামী কয়েকদিনের মধ্যে দেশের তাপমাত্রা আরও কিছুটা কমে আসতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সোমবার (১৩ নভেম্বর) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে।