টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল গ্রেফতার

 

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে টাঙ্গাইল পৌর শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল পৌর শহরের বেপারীপাড়া এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে মারামারি, বিষ্ফোরক, নাশকতা ও পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে আরও মামলা রয়েছে।

গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় ৬টি মামলায় ১৯৪ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এ সব মামলায় গ্রেফতার হয়েছেন ১৬৬ জন।