বরগুনায় বাসে অগ্নিসংযোগ

 

বরগুনার আমতলীতে ঢাকাগামী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

(৮ নভেম্বর) বুধবার রাত সোয়া ৯টার দিকে আমতলী উপজেলার আমতলী-তালতলী সড়কের আড়পাংগাসিয়া বাজার নামক এলাকায়  এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাকুরা পরিবহনের ওই বাসটি তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসে তিনজন যাত্রী ছিলেন, তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।

বাসের চালক বাবুল বলেন, তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে আড়পাংগাসিয়া বাজার এলাকায় পোঁছালে সেখানে ১০ থেকে ১২ জন লোক মিলে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। তারা ইট-পাথর ছোড়ার পাশাপাশি লাঠি ও পাইপ দিয়ে বাস ভাঙচুর করার একপর্যায়ে বাসে উঠে যাত্রীসহ আমাদের টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে দেয়। পরে বাসে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।